এই বর্ষায় কক্সবাজারে-Rainy vibes in Cox's Bazar
বর্ষায় কক্সবাজারের রূপই আলাদা। এই রোদ এই বৃষ্টি। সাগরের উপরে ভেসে আছে কালো-নীলচে মেঘের সারি সারি ভেলা। উত্তাল বিক্ষুদ্ধ জলরাশি, অনবরত মাথা কুটে মরছে বালুকা বেলায়। চুল উড়িয়ে দেওয়া মাতাল হাওয়া। সাগরের নোনা হাওয়ায় আর্দ্র মন । বৃষ্টি ধোঁয়া সবুজ প্রকৃতি।
সৈকতে ৩ নং বিপদ সংকেত। লাল পতাকা পত পত করে উড়ছে। সু-গন্ধা বীচে শ’খানেক লোক এদিক ও দিক ঘুরছে। ওয়াচ-টাওয়ার থেকে মাইকে ঘোষনা, সমুদ্রের গভীরে না যাওয়ার জন্য। তাও অতি আবেগী দু-একজন সাগরের একটু গভীরে গিয়ে জলকেলি করছে। বিপদসীমা পার হলেই বাঁশি।
প্রায় পর্যটক শূন্য কক্সবাজার। হকারদের ব্যবসা মন্দ। বীচ ফটেগ্রাফারদের ইতস্তত ঘোরাঘুরি আর আকুতি। সৈকতে জীপ আছে, ঘোড়া আছে, হকার আছে কিন্তু কাষ্টমার নাই । বেজার মুখ। রুজি-রোজগার নেই। অফ-সিজন বলে হোটেলে হোটেলে ডিসকাউন্টা-এর ছড়াছড়ি। আপ-টু ৬৫%।পওসী,কুটুম্ববাড়ী,পালংকি রেস্তোরাগুলো প্রায় ফাঁকা। অন্য সময়ে জায়গা মেলা ভার। কাঁধের উপর দাড়িয়ে থাকা কাষ্টমার নাই। প্রায় জনশূন্য বৃষ্টিভেজা রাস্তা,ডলফিন মোড় ঘিরে বাস আর অটোর সামান্য জটলা । নাছোড় বান্দা বৃষ্টি সংগ ছাড়ছে না । ভেজা মন । কাভি খুশি,কাভি গাম-মুড শুইং!
বর্ষা-প্রেমিকরা, তথা-কথিত আবহওয়ার পূর্বাভাস আর ফেসবুকে ঝড়-অতি বৃষ্টির গুজব উড়িয়ে দিয়ে চলে এসেছে। কেউ একা, কেউ দোকলা আর কেউবা পরিবারসহ।
শুধু ঘরে বসে 'বাদলো দিনেরও প্রথমও কদমো ফুল' গান শুনলে হবে না, সাহস করে বের হতে হবে। প্রকৃতির মাঝে অবগাহন করতে, বৃষ্টির টিপ টিপ ছন্দে দুর-অতীতে হারিয়ে যেতে, মাতাল হাওয়ায় চুল উড়িয়ে দিতে অথবা প্রিয়জনকে না বলা কথা বলতে আপনাকে একবার আসতেই হবে এই কক্সবাজারে।

Friday, July 24, 2026
শুভ সালাতিন
,




0 Response to "এই বর্ষায় কক্সবাজারে-Rainy vibes in Cox's Bazar"
Post a Comment